দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত (হেড ইনজুরি) রয়েছে, আবার কারো হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারি ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেয়া হবে না। এছাড়া, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত যে ৮ জন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (যাদের মধ্যে ৬ জন গোপালগঞ্জ, ১ জন গাজীপুর সদর এবং ১ জন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত), তারা হলেন-দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।


