...|...|...

সারাদেশ

মাদক ব্যবসায়ীর সাথে চা খেলে পুলিশের চাকরি থাকবে না : এমপি আবু তালিব

প্রকাশ: ২০ জুন ২০২৬, সকাল ৯:০৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, রাত ১১:৩৭
Shares
মাদক ব্যবসায়ীর সাথে চা খেলে পুলিশের চাকরি থাকবে না : এমপি আবু তালিব

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। ছবি: টাইমস টুডে

পুলিশকে উদ্দেশ্য করে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের সাথে বসে চা খাবেন, খোশ গল্প করবেন, ভালো আচরণ করবেন- আপনার চাকরি থাকবে না। উপযুক্ত প্রমাণ সহকারে সংসদ সদস্যদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দেওয়া হবে। যত বড় কর্মকর্তা হোক না কেন তার চাকরি থাকবে না।’

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চলে এসেছে, যার বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলতে পারেননি।

তিনি বলেন, এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।

এমপি আবু তালিব আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসাথে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য বড় অভিশাপ। মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি ও যুব সমাজের নৈতিক অবক্ষয় বাড়ছে। তাই মাদক নির্মূলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান, হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।