...|...|...

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৩১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৬
Shares
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। টানা চার দিন চলবে এ পরীক্ষা। আগের নির্ধারিত সময়ের তুলনায় পরীক্ষা আট দিন পিছিয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদফতর।

নতুন সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর সোমবার বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বৃত্তি পরীক্ষা। পরদিন ২৯ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। ৩০ ডিসেম্বর বুধবার নেওয়া হবে প্রাথমিক গণিত পরীক্ষা। শেষ দিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। সে হিসাবে পরীক্ষার্থীরা আড়াই ঘণ্টা সময় পাবেন। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে, গত ৮ অক্টোবর প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বৃত্তি পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সূচি পরিবর্তন করে পরীক্ষা আট দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।