প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা বাড়ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি ব্যবহার করে মোসাদের কথিত কার্যক্রমসহ সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করতে জাতীয় নিরাপত্তা পরিষদকে (এমকেএন) নির্দেশ দেওয়া হয়েছে।
তার দাবি, গত তিন থেকে চার বছরে এই অঞ্চলে মোসাদের তৎপরতা তিন থেকে চার গুণ বেড়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থাইল্যান্ডের ফুকেট, ব্যাংকক ও দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে জমি কিনেছে।
আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন আনোয়ার ইব্রাহিম।
তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। একই সঙ্গে আমাদের নিরাপত্তা সক্ষমতা আরও সুদৃঢ়, কার্যকর ও শক্তিশালী করতে হবে।’


