...|...|...

খেলা

৪২ পেরিয়েও থামছেন না থিয়াগো সিলভা, চুক্তি বাড়ালেন আরও এক বছর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২
Shares
৪২ পেরিয়েও থামছেন না থিয়াগো সিলভা, চুক্তি বাড়ালেন আরও এক বছর

থিয়াগো সিলভা। ছবি: সংগৃহীত

৪২ বছর বয়সেও ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা নেই ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার। বয়সকে উপেক্ষা করে আরও এক মৌসুম মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিজের ফুটবল ক্যারিয়ার দীর্ঘ করার পথেই হাঁটলেন এই তারকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ফ্লুমিনেন্সের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন থিয়াগো সিলভা। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দলটির সাথে থাকবেন ৪২ বছর বয়সী এই ডিফেন্ডার। সমর্থকদের অনুরোধ এবং ভালোবাসার প্রতিদান দিতেই আরও এক মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক।

ফ্লুমিনেন্সের সাথে থিয়াগো সিলভার সম্পর্ক বেশ পুরোনো। ক্যারিয়ারে তিন দফায় ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত দলটির জার্সিতে ২২৯ ম্যাচে করেছেন ১৯ গোল। ২০০৭ সালে ফ্লুমিনেন্সের হয়ে কোপা দো ব্রাজিল জয়ের স্বাদ পান। পরের বছর দলটিকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ফ্লুমিনেন্সের একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি থিয়াগো সিলভার। ব্রাজিলের জেরেম এলাকার এই একাডেমিতে ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত প্রশিক্ষণ নেন তিনি। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্লাবটির মূল দলে খেলার পর পাড়ি জমান ইউরোপের ফুটবলে।

ইউরোপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসির মতো বড় ক্লাবে। চেলসির হয়ে ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে তার। দীর্ঘ ইউরোপীয় অধ্যায় শেষে ২০২৪ সালে আবারও শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে ফেরেন এই ডিফেন্ডার।

ফ্লুমিনেন্সে ফেরার পরও নিজের অভিজ্ঞতা ও নেতৃত্বের ছাপ রেখেছেন থিয়াগো সিলভা। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে তার অধিনায়কত্বে সেমিফাইনালে ওঠে ব্রাজিলের ক্লাবটি। ওই আসরে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষেও নজরকাড়া পারফরম্যান্স দেখায় তারা। প্রতিযোগিতাটির সেরা একাদশেও জায়গা পান এই ডিফেন্ডার।

ব্যক্তিগত অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ থিয়াগো সিলভার। ২০০৭ সালে ব্রাজিলিয়ান লিগের বোলা দে প্রাতা পুরস্কার জেতেন তিনি। ২০০৮ সালে নির্বাচিত হন লিগের বর্ষসেরা খেলোয়াড়। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও দীর্ঘদিন ব্রাজিলের রক্ষণভাগ সামলেছেন এই তারকা।

ব্রাজিলের হয়ে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের চারটি বিশ্বকাপে খেলেছেন থিয়াগো সিলভা। তার নেতৃত্বে ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৯ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে ব্রাজিল। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পরও এখনই থামতে রাজি নন ৪২ বছর বয়সী এই ডিফেন্ডার।