...|...|...

খেলা

ফিফা কর্মকর্তাদের ঘুষ, স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সকাল ১১:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫১
Shares
ফিফা কর্মকর্তাদের ঘুষ, স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ মিডিয়া ও বিপণন স্বত্ব পেতে বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার ক্রীড়া বিপণন নির্বাহী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সাথে সমঝোতার অংশ হিসেবে তারা এই স্বীকারোক্তি দিয়েছেন। একই সাথে মামলার বিচার এড়াতে ৫০ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন বাবা-ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া একটি নথিতে তাদের স্বীকারোক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। হুগো ও মারিয়ানো দুজনই আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লের’ সহ মালিক। ২০১৫ সালে ফিফাকে ঘিরে শুরু হওয়া বড় দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, লাভজনক মিডিয়া ও বিপণন স্বত্ব পাওয়ার জন্য ফিফা, কনকাকাফ ও কনমেবলের কর্মকর্তাদের প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ঘুষের একটি ব্যবস্থা গড়ে তুলেছিলেন তারা। বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা ও অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার ও বিপণন স্বত্ব নিজেদের পক্ষে নিতে কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন জিনকিসরা।

নথিতে আরও বলা হয়েছে, এই প্রক্রিয়ায় বিভিন্ন ফুটবল কর্মকর্তাকে ‘দশ কোটি ডলারের’ পর্যায়ের বাণিজ্যিক ঘুষ দেওয়া হয়েছিল। ঘুষের বিনিময়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও ম্যাচের বাণিজ্যিক অধিকার পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ওই দুর্নীতি তদন্তে জুরিখে ফিফার কর্মকর্তাদের কার্যালয়েও অভিযান চালানো হয়েছিল। এরপর ফিফা ও উত্তর-দক্ষিণ আমেরিকার আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। অনেকের বিরুদ্ধে মামলা হয় এবং কয়েকজন আদালতে দোষ স্বীকারও করেন।

জিনকিসদের সাথে করা সমঝোতা অনুযায়ী, তাদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তবে সেই সুবিধার বিনিময়ে ৫০ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে হবে তাদের। ঘটনাটি ২০১৫ সালের বহুল আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারিরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সামনে এসেছে।