...|...|...

খেলা

হালান্ড-চেরকির জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে সিটির টানা জয়

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫১
Shares
হালান্ড-চেরকির জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে সিটির টানা জয়

ছবি: সংগৃহীত

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দারুণ জয় দিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের শুরুর ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। রায়ান চেরকি ও আর্লিং হালান্ডের জোড়া গোলে প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। নতুন মৌসুমে এটি সিটির টানা দ্বিতীয় জয়।

শুক্রবার রাতে সিটির মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। অ্যান্টোইন সেমেনিওর ক্রস থেকে উঁচুতে উঠে হেডে বল জালে পাঠান হালান্ড। নতুন মৌসুমে এটি ছিল নরওয়েজিয়ান ফরোয়ার্ডের প্রথম গোল।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। ২১ মিনিটে ফিল ফোডেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পর প্যালেসও সমতা ফেরানোর চেষ্টা করে, কিন্তু ৫৪ মিনিটে তাদের রক্ষণ ভেঙে দ্বিতীয় গোলটি করেন চেরকি।

তবে দুই মিনিট পরই ম্যাচে ফিরে আসে প্যালেস। ইয়েরেমি পিনোর ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। পরে বলটি সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে লেগে পোস্টে আঘাত করে জালে ঢুকে যায়।

প্যালেসের ঘুরে দাঁড়ানোর আশা অবশ্য দ্রুতই শেষ হয়ে যায়। ৫৯ মিনিটে আবারও গোল করেন চেরকি। তার নেওয়া শট ক্রিস রিচার্ডসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ফলে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান তিনি।

শেষ দিকে হালান্ডও জোড়া গোল পূর্ণ করেন। ৮৫ মিনিটে ফোডেনের পাস থেকে বাঁ পায়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সিটির স্ট্রাইকার। তাতেই ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করেছে সিটি। এই জয়ের পর প্রায় এক সপ্তাহ বিরতি পাবে তারা। এরপর নতুন প্রমোটেড দল কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।