মুসলিম সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, জুমার দিনে (শুক্রবার) কেউ মারা গেলে তিনি বিনা হিসাবে সরাসরি জান্নাতে চলে যাবেন এবং তার কবরের আজাব সম্পূর্ণ মাফ হয়ে যাবে। তবে ইসলামি শরিয়ত ও হাদিসের আলোকে এই বিষয়ের গভীরতা এবং সঠিক ব্যাখ্যা জানা জরুরি।
সাধারণ মানুষের মাঝে বহুল প্রচলিত এই ধারণার ধর্মীয় বাস্তবতা ও গ্রহণযোগ্যতা কতটুকু, তা নিয়ে বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামি স্কলাররা।
হাদিসের স্পষ্ট বার্তা
শুক্রবারে মৃত্যুবরণ করলে- জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কিংবা সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, এ মর্মে কোরআন-হাদিসের কোথাও কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। তবে কবরের আজাব থেকে বাঁচার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে।
জুমার দিনে মৃত্যুর ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর স্পষ্ট হাদিস রয়েছে। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন। (তিরমিজি, হাদিস : ১০৯৫; মিশকাত, হাদিস : ১৩৬৭; মুসনাদে আহমদ, হাদিস : ১১/১৪৭)
ইসলামি স্কলারদের ব্যাখ্যা
উল্লিখিত হাদিসের আলোকে ইসলামি স্কলাররা বলছেন, শুক্রবারে মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ- এ কথা বলার কোনো সুযোগ নেই।
এ সম্পর্কে মুল্লা আলী কারী (রহ.) বলেন, জুমার দিনে বা রাতে যে মারা যাবে, তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়ার কথা প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আজাব আর ফিরে আসবে না এ কথার কোনো ভিত্তি আমার জানা নেই (মিনাহুর রাওদিল আযহার ফি শরহি ফিকহিল আকবার : পৃষ্ঠা ২৯৫-২৯৬)।
একইভাবে কথা বলেছেন খ্যাতিমান ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহও। নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত; এই সময়ে মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে আল্লাহ তায়ালা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। অর্থাৎ তাকে কবরের আজাব ও ফিতনা থেকে মুক্তি দান করেন। আর স্বাভাবিকতই কেউ যদি কবরের অজাব থেকে মুক্তি লাভ করেন, তাহলে কিয়ামতের দিনের হাশরের মাঠে হিসাব-নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে বলে আশা করা যায়।
আহমাদুল্লাহ জানান, এ সম্পর্কে তিরমিজি শরিফে উসমান ইবনে আওফান (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘কবর হলো আখিরাতের ঘাঁটিগুলোর মধ্যে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কারও জন্য প্রশ্নোত্তর সহজ করে দেওয়া হয়, এই ঘাঁটিতে যদি কেউ কোনো বড় বিপদে না পড়েন অর্থাৎ সহজেই পার পেয়ে যান, তাহলে পরবর্তী ধাপগুলো ও তিনি সহজেই উত্তীর্ণ হতে পারবেন; সেই আশা করা যায়। আর যদি কবরের ঘাঁটি কারও জন্য কঠিন হয়ে যায়, তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে।
এই হাদিসগুলোর আলোকে বুঝা যায়, জুমার দিনে কারও মৃত্যু হলে— সেটা নিঃসন্দেহে একটি ভালো বা শুভ সংকেত। অর্থাৎ বলা যায় সেই ব্যক্তি ভালো মৃত্যু বরণ করলেন এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে আশা করা যায়।
তবে একটি কথা মনে রাখতে হবে, আমরা নিশ্চিত করে বলতে পারি না যে জুমার দিনে কেউ মৃত্যু বরণ করলে তিনি সরাসরি জান্নাতে যাবেন এবং তার কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। তবে সেই মৃত ব্যক্তির জন্য সুধারণা রাখা ভালো।
কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি মূলত আল্লাহর দয়া এবং বান্দার ঈমান ও আমলের ওপর নির্ভরশীল।
আল্লাহ আমাদের সবার জন্য ভালো মৃত্যু নির্ধারিত করে রাখুন। ভালো মৃত্যু, কবরের আজাব মাফ ও আখিরাতে শান্তিতে থাকার জন্য যেমন আমল করা দরকার- সে রকম আমল করার তাওফিক দান করুন। আমিন।

