সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য লিখিতভাবে জানানো হয়েছে উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘হাসিনা আসুক, এটা আমরা চাই।’ তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন। তবে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানটির বিষয়ে বাসসও জানিয়েছে যে, বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
শেখ হাসিনার মামলার প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে কয়েকটি মামলার রায় হয়েছে এবং আরও মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তার ছেলে তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন এবং তারা কোনো হুমকিতে ভয় পান না।
তিনি আরও বলেন, ‘আপনি সেখানে হুমকি দিচ্ছেন যে ডিসেম্বরে চলে আসবেন। আসুন, ডিসেম্বরের জন্য আমরা প্রস্তুত আছি।’ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে মানুষ ও শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এর জবাব দেশের মাটিতে দিতে হবে।
নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোট প্রসঙ্গেও বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। তার দাবি, এবারের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপকভাবে ধানের শীষে ভোট দিয়েছেন। ব্যবসা-বাণিজ্য ও ঘরবাড়ি ছেড়ে পুনরায় শরণার্থী হতে না চাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ সবার-হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সবার। দেশের সব মানুষের জন্য কাজ করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন। শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরে কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানে নিতাই রায় চৌধুরীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন (টুকু), মাগুরা জেলা বিএনপির সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, মহম্মাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


