...|...|...

বিনোদন

‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে আর নেই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, সকাল ১১:২৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৫
Shares
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে আর নেই

প্রয়াত লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। ছবি: সংগৃহীত

বাংলা লোকসংগীত জগতে নেমে এল অপূরণীয় শোকের ছায়া। অসময়েই পরলোকে পাড়ি জমালেন প্রবাদপ্রতিম লোকশিল্পী স্বাগত দে।

তার কালজয়ী কণ্ঠে গাওয়া ‘সোনা বন্ধু রে’, ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো বহু গান আজও প্রতিটি বাঙালির হৃদয়ে সমান জায়গা করে আছে। তার অকাল মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীতমহলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন শিল্পী, এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিল্পী স্বাগত দে-র মৃত্যুর খবরটি সমাজমাধ্যমে নিশ্চিত করেন গায়িকা জোজো। তিনি লেখেন, তারাদের দেশে ভালো থেকো স্বাগত দা। ওম শান্তি। 

শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও। শৈশবের স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘স্বাগত দা... গায়ক স্বাগত দে... আর নেই। খবরটা পেয়ে কেমন যেন হয়ে গেলাম! ছোটবেলাটা যেন ফ্ল্যাশব্যাকের মতো ফিরে এল।’

লোকসংগীতের এই উজ্জ্বল নক্ষত্রের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সমসাময়িক শিল্পীরাও। প্রখ্যাত লোকসংগীতশিল্পী দেব চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ও তো আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।

ইতিমধ্যে সমাজমাধ্যমে সঙ্গীতশিল্পী, কলাকুশলী এবং তার অগণিত অনুরাগী প্রিয় শিল্পীর প্রয়াণে বিনম্র শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছেন।