তেলের দাম নিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের একটি বক্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার বক্তব্যের একটি ফটোকার্ড হঠাৎ ভাইরাল হলে সেটি পুরোনো বক্তব্য বলে দাবি করেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা জানান তিনি।
টাইমস টুডের পাঠকদের জন্য রবিউল ইসলাম নয়নের করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
আমাকে নিয়ে একটি বক্তব্য ফটো কার্ডের বক্তব্য বহু পুরোনো। তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেলে ভর্তুকি দিয়ে তেলের দাম স্বাভাবিক রেখেছিলেন। ভর্তুকি না দিলে তেলের দাম ৭০০ টাকা লিটার হতো। আই রিপিট- কথাটা তখনের, যেটা একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলক ও অসৎ উদ্দেশ্যে এখন প্রচার করছে।
দুর্ভাগ্যের বিষয় দেশের প্রথম শ্রেণির কিছু গণমাধ্যমের গুপ্ত সাংবাদিক এই নিউজ করছে। এটা নির্লজ্জ মিথ্যাচার। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সেই গনমাধ্যমের দর্পণে যদি এমন মিথ্যা ও ভুয়া ফটো কার্ড ভেসে ওঠে তাহলে সেটা লজ্জাকর।

আমি এহেন ভুয়া ফটো কার্ডের ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাই। আমি দৃঢ় কণ্ঠে বলছি- এটা পূর্বের প্রেক্ষাপটের ভিত্তিতে দেওয়া বক্তব্য, আমি এখন কোথাও এই বক্তব্য দেইনি।
সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো- আমাদের জাতীয়তাবাদী আদর্শের অনুসারী অনেকে নিশ্চিত না হয়ে এই ভুয়া ও বানোয়াট ফটো কার্ড শেয়ার করছেন। আমরা সচেতন হবো কবে? কবে আমরা গন্ধ শুঁকে আবর্জনা খাওয়া বন্ধ করব?

