...|...|...

সারাদেশ

২৫ লাখ টাকায় এএসআইয়ের চাকরি, গ্রেফতার ২

প্রকাশ: ২০ জুন ২০২৬, সকাল ৯:৩৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬, রাত ৩:১৫
Shares
২৫ লাখ টাকায় এএসআইয়ের চাকরি, গ্রেফতার ২

গ্রেফতারকৃত প্রতারক শরিফুল ইসলাম শিশির ও রকিবুল ইসলাম রকিব। ছবি: টাইমস টুডে

পুলিশের উপ-উপপরিদর্শক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। জামালপুরের মাদারগঞ্জের এক তরুণ চাকরির পরীক্ষায় বসেছে। এরই মধ্যে বিষয়টি জেনে ওই তরুণের পরিবারের সাথে যোগাযোগ করেন জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার শরিফুল ইসলাম শিশির এবং পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গাহাটি এলাকার রকিবুল ইসলাম রকিব।

শিশির এবং রকিব ওই তরুণের চাকরির নিয়োগের নিশ্চয়তা দিয়ে ২৫ লাখ টাকার লিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং একটি ফাঁকা ব্যাংক চেক নেয়।

শুক্রবার (১৯ জুন) রাতে হাতে লেখা স্ট্যাম্প এবং চেক বিনিময়ের সময় ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দা পুলিশের একটি দল।

আজ শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, এসময় ১০০ টাকা মূল্যের ছয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং সোস্যাল ইসলামী ব্যাংকের একটি ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে। পাবনার আতাইকুলা উপজেলার রকিবুল ইসলাম রকিব বর্তমানে জামালপুর শহরের পিটিআই মোড়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তরা পুলিশের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

ভুক্তভোগী তরুণের অভিভাবকের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশের চাকরিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। পুলিশের ক্যাডেট ( এএসআই) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তির আওতায় আনা হবে।

এছাড়া চাকরি দেওয়ার কথা বলে কেউ প্রতারণা করলে কিংবা এমন তথ্য পেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।