মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে লিল থেকে ৮৫.৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ১৮ বছর বয়সী এই ফুটবলার পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দিয়েছেন। চুক্তিতে ৮১.৪ মিলিয়ন পাউন্ড সরাসরি এবং পারফরম্যান্স এর উপর নির্ভর করে ৪.২ মিলিয়ন পাউন্ড যোগ হবে ।
চলতি গ্রীষ্মের বিশ্বকাপে মরক্কোর হয়ে ৬ ম্যাচের ৫ টিতে প্রথম একাদশে থেকে শুরু করেছিলেন বুয়াদ্দি। দলটির কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তার পারফরম্যান্স নজর কেড়েছে। ২০২৩ সালে লিলের মূল দলে অভিষেকের পর ক্লাবটির হয়ে ৯৬ ম্যাচ খেলেছেন তিনি।
সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত বুয়াদ্দি বলেছেন, ‘এটি আমার ও আমার পরিবারের জন্য বিশেষ একটি দিন। আমার কাছে ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব। এখানে আসা এবং নিজেকে সিটি খেলোয়াড় বলতে পারা স্বপ্নের মতো।‘
সিটির খেলার ধরনও তাকে আকৃষ্ট করেছে। বুয়াদ্দি বলেন, ‘অনেক বছর ধরে সিটির খেলা দেখেছি। তাদের খেলার ধরন আমার খুব ভালো লাগে। তারা সব সময় মানসম্পন্ন ফুটবল খেলার চেষ্টা করে এবং এই ক্লাবটি জয়ের জন্যই তৈরি।’
১৬ বছর বয়সে ফারো দ্বীপপুঞ্জের ক্লাব কেআইয়ের বিপক্ষে ইউরোপা লিগে অভিষেক করে লিলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সিনিয়র খেলোয়াড় হন বুয়াদ্দি। ২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় আসেন তিনি।
সিটিতে নতুন মিডফিল্ডে গভীর থেকে খেলা নিয়ন্ত্রণকারী হিসেবে বুয়াদ্দিকে ব্যবহার করা হতে পারে। এর আগে নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকেও দলে নিয়েছে সিটি। পাশাপাশি চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের জন্যও প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।
এদিকে সিটি থেকে সাভিনহো ৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহামে যোগ দিয়েছেন। ওমর মারমুশকে ধারে নিতে সম্মত হয়েছে স্পার্স। আর নিকো গঞ্জালেস ৫২ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসেলে যাওয়ার পথে রয়েছেন। এর আগে রদ্রি ও তিজানি রেইন্ডার্সকেও বিক্রি করেছে সিটি।


