...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৭
Shares
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মঙ্গলবারের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮০ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ছয়জনের। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন করে এবং বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।