জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। হংকংকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের স্বপ্নও আরও কাছে নিয়ে এসেছে বাংলাদেশ।
চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটিতে ‘চ্যালেঞ্জার পুল‘ এর ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এলিট পুলের তৃতীয় দল কোরিয়া অথবা জাপান।
ম্যাচের শুরু থেকেই হংকংকে চাপে রাখে বাংলাদেশ। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। ১৯ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া।
২৬ মিনিটে আক্তার কনা ফিল্ড গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর ৩১ মিনিটে গোল করেন মোসাম্মৎ লিমা। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে স্কোর ৫-০ করেন আইরিন রিয়া।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ষষ্ঠ গোলটি করেন লিমা। চার ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন শারিকা রিমন। ৫ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আইরিন রিয়া।
আগামীকাল কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। কোরিয়া কিংবা জাপানের বিপক্ষে শেষ আটের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের।


