...|...|...

সারাদেশ

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

ছবি: সংগৃহীত

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চিংড়ি মাছ খাওয়ার পর তীব্র অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইব্রাহিম (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। দ্রুত তাকে দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।

পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে তাকে টেকনাফে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে পাঠানো হয়।

চিকিৎসক জানান, ইব্রাহিমের সাথে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার আগে থেকেই ‘অ্যানাফাইল্যাক্টিক শক’ বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল।

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম বলেন, সেন্ট মার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবারে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

তিনি বলেন, ‘একসাথে তিন বন্ধু ভ্রমণে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, কখনো ভাবিনি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।