...|...|...

সারাদেশ

‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’

ছবি: সংগৃহীত

স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার প্রত্যাশা পূরণ না হওয়ায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি ছাত্রদলের অন্য নেতাকর্মীদেরও রাজনীতি ছেড়ে নিজেদের ক্যারিয়ার গড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানান শামীম। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’

শামীম কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বল্প সুদের ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত তালিকায় স্থান না পাওয়ায় হতাশা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

স্থানীয় সূত্র জানায়, নতুন উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগে আবেদন করেছিলেন শামীম। প্রাথমিক বাছাইয়ে ৫০ জনের তালিকায় জায়গা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখায় মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ছয়জনের তালিকা প্রকাশ করা হলে সেখানে তার নাম পাওয়া যায়নি।

ফেসবুকে দেওয়া ভিডিও বক্তব্যে শামীম বলেন, কালীগঞ্জ থেকে পাঁচ শতাধিক উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৫০ জনের মধ্যে তিনি এবং কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তৌহিদ নামে দুজন ছাত্রদলের পদধারী ছিলেন। উদ্যোক্তা হিসেবে যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত হবেন বলে আশা করেছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করলেও ঋণ বিতরণের চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন শামীম। তার অভিযোগ, অতীতে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পরও তারা অবহেলার শিকার হয়েছেন। অথচ চূড়ান্ত তালিকায় আওয়ামী পরিবারের সন্তান এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা স্থান পেয়েছেন বলে দাবি করেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে ধরে শামীম বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে, শিক্ষাজীবনের দুই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮৭ দিন কারাগারে থাকতে হয়েছে। এত কিছুর পরও দলের কাছ থেকে প্রত্যাশিত মূল্যায়ন পাননি বলে অভিযোগ তার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে শামীম বলেন, ঋণ কর্মসূচিতে কারা নির্বাচিত হয়েছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। দলের দুঃসময়ে যারা সামনে থেকে আন্দোলন করেছেন, তারা এখন উপেক্ষিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে রাজনীতি বাদ দিয়ে নিজেদের ভবিষ্যৎ ও পেশাগত জীবনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

নিজের ব্যবসার কথা উল্লেখ করে শামীম বলেন, তার পাখি ও কবুতরের একটি খামার রয়েছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তাকে চেনেন। পাশাপাশি গরুর খামারও শুরু করেছেন। ঋণটি পেলে ব্যবসা আরও বড় করার পরিকল্পনা ছিল তার।

ভিডিওর শেষাংশে দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে শামীম জানান, এখন থেকে ছাত্রদলের কোনো মিছিল, সভা কিংবা সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন না। দলীয় প্রয়োজনে তাকে ফোন না করার অনুরোধও জানান তিনি।

এ বিষয়ে শামীম হোসেন বলেন, কাউকে প্ররোচিত করা কিংবা কারও বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ারের ক্ষতি করেছেন, কিন্তু দল ক্ষমতায় আসার পরও অবহেলার শিকার হয়েছেন বলে মনে করছেন তিনি। এই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, শামীমের ফেসবুক ভিডিওটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনো তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করছেন।