...|...|...

আইন ও আদালত

সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৫
Shares
সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আক্তারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

তবে ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা সড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন সদস্য অবৈধ মিছিল করেন। এ সময় তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।