...|...|...

সারাদেশ

সাতক্ষীরায় জেলি পুশ করা ১৩৪২ কেজি চিংড়ি জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২ জুলাই ২০২৬, সকাল ৬:২২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
সাতক্ষীরায় জেলি পুশ করা ১৩৪২ কেজি চিংড়ি জব্দ

রফতানিযোগ্য বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে বাজারজাতের প্রস্তুতির সময় সাতক্ষীরা আশাশুনিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪২ কেজি চিংড়ি জব্দ করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুরো চালানটি ধ্বংস করা হয়। 

বুধবার (১ জুলাই) উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে র‍্যাব-৬, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এ চিংড়ি জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও তার ভাই আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর কাজ করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং আশাশুনি থানার এসআই আব্দুর রউফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান। তবে তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশ করা ৬১ ক্যারেট বাগদা চিংড়ি, অপদ্রব্য এবং ব্যবহৃত সিরিঞ্জ জব্দ করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা চিংড়িগুলো প্রথমে রাস্তায় ফেলে ভারী যানবাহনের চাকায় পিষ্ট করা হয়। এরপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়, যাতে এগুলো কোনোভাবেই বাজারে যেতে না পারে।

মৎস্য বিভাগের তথ্যমতে, জব্দ করা চিংড়ির ওজন প্রায় ১ হাজার ৩৪২ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ১৩ থেকে ১৪ লাখ টাকা। এ ঘটনায় পলাতক দুই ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।