সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার হওয়া ঢাকা প্রতিদিনের বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক) জামিন পেয়েছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে হাইকোর্টের আইনজীবী হায়দার রবিউল হোসাইন রবি,আইনজীবী নাদিম মাহমুদ এবং আইনজীবী আল মাহমুদ সাংবাদিক হাফিজুর রহমান শফিকের পক্ষে শুনানিতে অংশ নেন।
এর আগে গত ২১ জুলাই শাহবাগ থানা পুলিশ সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় হাফিজুর রহমান শফিককে আটক করে। পরদিন ২২ জুলাই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার গ্রেফতারের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করা হয়।

