দেশের তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে সবকটি জেলায় সম্পূর্ণ বিনামূল্যে দুই মাসব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে অংশ নিতে কোনো ফি লাগবে না। উল্টো প্রশিক্ষণকালীন প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবার ভাতা পাবেন অংশগ্রহণকারীরা।
সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ন্যূনতম এইচএসসি বা সমমান পাস নারী ও পুরুষেরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকতে হবে, তবে ইংরেজিতে দক্ষরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত ও ২৭ সেপ্টেম্বর নম্বরভিত্তিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময় এসএমএসে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিতদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম।


