...|...|...

আইন ও আদালত

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৮:২৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

ছবি: সংগৃহীত

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করা হবে।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৪ আগস্ট এই মামলার শুনানি শেষ হয় এবং ২৫ আগস্ট রায়ের দিন নির্ধারিত থাকলেও তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। এই মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

গত বছর ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নৃশংসতার শিকার হয় শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সবাইকে গ্রেফতার করে এবং ১৩ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে।

অত্যন্ত দ্রুততার সাথে মাত্র ১৩ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান গত বছরের ১৭ মে এই মামলার রায় ঘোষণা করেছিলেন। বিচারিক আদালতের রায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

তবে মামলায় অভিযুক্ত অন্য তিনজন- নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীবের ছোট ভাই (১৭) এবং সজীবের মা জাহেদা বেগমকে (৪০) খালাস দেওয়া হয়েছিল।

আইন অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ায় তা অনুমোদনের জন্য গত বছরের ২১ মে মামলার যাবতীয় নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়। পরবর্তীতে পেপারবুক প্রস্তুত করে গত ৮ জুন তা হাইকোর্টে পাঠানো হলে মামলাটি বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকাভুক্ত হয় এবং আজ এর চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।