জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা (স্টুডেন্ট ভিসা) আবেদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার জন্য নতুন ডিজিটাল আবেদনব্যবস্থা চালু হচ্ছে। এতে আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সরাসরি দূতাবাসে যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। ভিসা আবেদনসংক্রান্ত কাগজপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগও থাকবে।
নির্ধারিত দিনে আবেদনকারীদের মেডিকেলসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসার ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থায় আবেদনের সর্বশেষ অবস্থাও জানা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে যৌথভাবে আবেদন করার সুযোগ থাকবে।
তবে নতুন এ ব্যবস্থায় পুরোনো অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও পুনরায় আবেদন করতে হবে। তাদের নতুন ডিজিটাল পোর্টালে অ্যাকাউন্ট (Auslandsportal) খুলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি থেকে জার্মানির কনস্যুলার সেবা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে জার্মানির ডিজিটাল আবেদন পোর্টালে এবং ঢাকায় জার্মান দূতাবাসের ওয়েবসাইটে।
এ বিষয়ে ঢাকায় জার্মানি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

