জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, যেখানে মৌলিক চাহিদা পূরণ হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা। সেই পরিবর্তনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ করার মতো নয়। তারা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। তাদের যথাযথ সম্মান জানাতে শুধু স্মরণ করলেই হবে না, বরং যারা বেঁচে আছেন তাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাণ-প্রকৃতির সুরক্ষায়ও ভূমিকা রাখতে হবে। একই সাথে অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


