সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায় বিডব্লিউওটি।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর ফলে সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এটি।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমান গতিপথ অনুযায়ী, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার পর এটি উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি। পরিস্থিতির পরিবর্তন হলে ঘূর্ণিঝড়টির গতিপথ ও প্রভাব সম্পর্কিত পূর্বাভাসেও পরিবর্তন আসতে পারে।


