লিবিয়ায় মানবপাচারকারী চক্র ও স্থানীয় মাফিয়াদের নির্মম নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ইকবাল মাদবর (২৫) শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের কথিত মানবপাচারকারী সাগর মাদবর ও কামরুল মাদবর ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে ইকবালকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। এ জন্য চুক্তি অনুযায়ী পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেওয়া হয়।
কিন্তু ইতালিতে নেওয়ার পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে একটি চক্রের কাছে আটকে রাখা হয় বলে দাবি পরিবারের। সেখানে তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে বাঁচাতে ধারদেনা করে পরিবার আরও ৮ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ৪ লাখ টাকা দিতে না পারায় ইকবালের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়।
স্বজনদের ভাষ্য, দীর্ঘদিনের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইকবাল। একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায়ও নেমে আসে শোকের ছায়া।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িত সাগর মাদবর ও কামরুল মাদবরসহ মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা একই সাথে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবাধিকারকর্মীদের মতে, বিদেশে ভালো চাকরির প্রলোভনে মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়ে এখনো বহু তরুণ জীবন ও অর্থ—দুই-ই হারাচ্ছেন। তাই বিদেশে যাওয়ার আগে সরকারি অনুমোদিত ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


