...|...|...

রাজনীতি

র‍্যাব-এসআরবি নিয়ে আসিফের পোস্ট, ‘যেই লাউ সেই কদু’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৩০
Shares
র‍্যাব-এসআরবি নিয়ে আসিফের পোস্ট, ‘যেই লাউ সেই কদু’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরুর পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে র‍্যাব ও এসআরবির দুটি ছবি পাশাপাশি পোস্ট করেন আসিফ মাহমুদ। ছবির সঙ্গে চার শব্দের ক্যাপশনে তিনি লেখেন, ‘যেই লাউ সেই কদু’। ছবির নিচে লেখা ছিল, ‘সেইম সেইম বাট ডিফ্রেন্ট’।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্ট দেওয়ার প্রায় তিন ঘণ্টার মধ্যে এতে প্রায় ১৯ হাজার লাইক পড়ে।

এদিকে, বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন কাঠামোর কার্যক্রম শুরু হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি করার বিষয়টি গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, র‍্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নাম পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি রূপ পায়। এর পরদিন বুধবার থেকেই নতুন নামে কার্যক্রম শুরু করে ইউনিটটি।