পর্তুগাল জাতীয় দলের নতুন কোচ হোর্হে জেসুসের অধীনেও দলের অন্যতম ভরসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগের আসন্ন ম্যাচগুলো সামনে রেখে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১৪৬ গোল করেছেন রোনালদো। বয়সের ভারে অনেক তারকা যখন বিদায় নিয়েছেন, তখনো মাঠে নিজের উপস্থিতি ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।
তবে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ সময়ের ইঙ্গিত আগেই দিয়েছেন রোনালদো। অবসর প্রসঙ্গে তিনি বলেছিলেন, চলতি বছরই হয়তো ফুটবলে তার শেষ বছর হতে পারে এবং ক্যারিয়ারে স্মরণীয় ছাপ রেখে যেতে চান তিনি।
নেশনস লিগের দল ঘোষণায় বিশ্বকাপের সর্বশেষ স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছেন জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের জায়গায় দলে এসেছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।
নেশনস লিগের ‘ডি’ গ্রুপে খেলবে পর্তুগাল। ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে খেলবে দলটি। ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের পর ৪ অক্টোবর আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল।
পর্তুগালের স্কোয়াড
গোলকিপার: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।


