রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে মহাসড়কের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
আটককৃতদের মধ্যে ১৯ বছর বয়সী তিনজন হলেন- মো. আরিফ, শাকিল আহমেদ এবং আশিক আহমেদ মোস্তফা। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক বা শিশু। ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেস মাস্ক জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

