...|...|...

বিশ্ব

রহমতের ধর্মে তোমাকে স্বাগতম: রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে কাবার ইমাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, রাত ৯:২০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৪
Shares
রহমতের ধর্মে তোমাকে স্বাগতম: রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে কাবার ইমাম

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের অতীত ও বর্তমানের ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান শায়খ ইয়াসির আদ-দোসারি। পোস্টে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’

সাবেক এই ব্রাজিলিয়ান তারকার জন্য দোয়া করে তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি করেন।

আলি শাহিন জানান, সম্প্রতি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানেই ব্রাজিলের ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পারেন তিনি। পরে সাবেক এই ফুটবলারকে অভিনন্দনও জানান শাহিন।

তার দাবি অনুযায়ী, রবার্তো কার্লোসের সঙ্গে শায়খ জিহাদ হাম্মাদের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয়। ওই সময় কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এদিকে ফ্রান্স জাতীয় ফুটবল দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড় উইলিয়াম সালিবাও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের ইসলাম গ্রহণের দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সালিবা লেখেন, রবার্তো কার্লোস শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।