...|...|...

খেলা

মেসি নাকি রোনালদো, সর্বকালের সেরা কে বলছে পরিসংখ্যান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৯
Shares
মেসি নাকি রোনালদো, সর্বকালের সেরা কে বলছে পরিসংখ্যান

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রশ্ন সর্বকালের সেরা (গোট) কে, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দুই মহাতারকার ক্যারিয়ারের শেষ অধ্যায় ঘনিয়ে আসার সাথে সাথে পুরোনো এই বিতর্কও নতুন করে সামনে এসেছে। মেসির জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং রোনালদোর অবসরের ঘোষণা ফুটবলপ্রেমীদের আবারও মুখোমুখি করেছে সেই চিরচেনা প্রশ্নের। যদিও দুজনই এখনো ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন, তাই কে এগিয়ে, সেই হিসাব এখনো শেষ হওয়ার নয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় দলের হয়ে অবসরের ঘোষণা দেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে মেসির জাতীয় দল থেকে বিদায়ের বিষয়টিও আলোচনায় আসে। দুই তারকার বয়স ও দীর্ঘ ক্যারিয়ারের প্রেক্ষাপটে নতুন করে তুলনা শুরু হয়েছে তাদের গোল, রেকর্ড, ব্যক্তিগত অর্জন ও দলীয় সাফল্য নিয়ে।

গোলের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৮৫। অর্থাৎ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫ গোল প্রয়োজন। অন্যদিকে মেসির গোলসংখ্যা ৯৩৬। আন্তর্জাতিক ফুটবলেও পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন রোনালদো, আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল ১২৬টি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এই প্রতিযোগিতায় পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। মেসির চ্যাম্পিয়নস লিগ শিরোপা চারটি। গোল ও ইউরোপীয় ক্লাব ফুটবলের এই পরিসংখ্যান রোনালদোর পক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে।

তবে ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণে শুধু গোলের হিসাব যথেষ্ট নয়। প্রতি ম্যাচে গোলের গড় বিবেচনায় মেসি এগিয়ে। তার গোলের গড় প্রায় ০.৭৯, যেখানে রোনালদোর ০.৭৩। গোল করানোর ক্ষেত্রেও মেসির অবদান উল্লেখযোগ্যভাবে বেশি। অ্যাসিস্টের পাশাপাশি ড্রিবলিং, কি-পাস এবং আক্রমণ তৈরিতে তার দক্ষতা তাকে আলাদা করেছে। একজন গোলদাতা হওয়ার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও সমান কার্যকর আর্জেন্টাইন তারকা।

ব্যক্তিগত স্বীকৃতির হিসাবেও মেসির অবস্থান এগিয়ে। ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতেছেন আটবার। রোনালদোর এই পুরস্কার পাঁচটি। এ ছাড়া ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করে অনন্য এক রেকর্ড গড়েন মেসি, যা এখনো অক্ষত রয়েছে।

জাতীয় দলের হয়ে বড় শিরোপা জয়ের ক্ষেত্রেও মেসির অর্জন সমৃদ্ধ। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি। অন্যদিকে রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এ ছাড়া দুটি উয়েফা নেশনস লিগের শিরোপা রয়েছে তার ঝুলিতে। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি পর্তুগিজ মহাতারকার।

খেলার ধরনেও দুজনের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। রোনালদোর অন্যতম বড় শক্তি তার গতি, শারীরিক সক্ষমতা, অসাধারণ ফিটনেস এবং গোল করার সহজাত ক্ষমতা। বয়স বাড়ার পরও দীর্ঘ সময় ধরে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। ইংল্যান্ড, স্পেন, ইতালি ও সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে মেসির ফুটবলীয় দক্ষতা অনেকটা সৃজনশীলতার ওপর নির্ভরশীল। বল পায়ে তার নিয়ন্ত্রণ, ড্রিবলিং, পাসিং এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষমতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতেও সিদ্ধহস্ত তিনি। মেসি মাঠে থাকলে শুধু আক্রমণ নয়, পুরো দলের খেলার ছন্দেও পরিবর্তন আসে।

সব মিলিয়ে মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, তার একক কোনো উত্তর নেই। গোলসংখ্যা, রেকর্ড, দীর্ঘদিন সর্বোচ্চ পর্যায়ে খেলা এবং বিভিন্ন লিগে নিজেকে প্রমাণ করার বিষয়গুলো বিবেচনায় নিলে রোনালদোর পক্ষে যুক্তি রয়েছে। অন্যদিকে ব্যক্তিগত পুরস্কার, খেলার বহুমুখিতা, গোল তৈরির দক্ষতা এবং বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক শিরোপার বিচারে মেসি এগিয়ে।

দুজনের অর্জনই ফুটবল ইতিহাসে বিরল। একজন গোলের পর গোল করে রেকর্ডের পাহাড় গড়েছেন, অন্যজন বল পায়ে ফুটবলকে দিয়েছেন শৈল্পিক সৌন্দর্য। তাই মেসি নাকি রোনালদো এই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত নির্ভর করবে ব্যক্তিগত পছন্দ ও ফুটবলীয় শ্রেষ্ঠত্বের মাপকাঠির ওপর। তবে একটি বিষয়ে দ্বিমত থাকার সুযোগ কম, ফুটবলের ইতিহাসে এই দুই মহাতারকার যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন।