মালয়েশিয়া জাতীয় দলকে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে এইচপি।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। তবে বাংলাদেশ এইচপির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান সংগ্রহ করতে পারে তারা।
মালয়েশিয়ার ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক সৈয়দ আজিজ। এছাড়া আহমেদ আকীল ওয়াহিদ করেন ৩০ রান। বাংলাদেশ এইচপির হয়ে আবু হায়দার রনি ২টি উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান।
১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশ এইচপি। ওপেনার জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দ্রুত শুরু এনে দেন।
এরপর জিসান আলম একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করা জিসান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তার ব্যাটিংয়ে মাত্র ৭৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।
বাংলাদেশের হয়ে আরিফুল ইসলাম করেন ৪ রান এবং সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১২ রান। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারী করেন ৮ রান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেও মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ এইচপি। ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ দল।


