...|...|...

ঢাকা

মাদারীপুরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার, পরিদর্শনে এমপি জাহান

শাওন বল, মাদারীপুর
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
মাদারীপুরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার, পরিদর্শনে এমপি জাহান

মাদারীপুর সদর উপজেলার সদর থেকে মস্তফাপুর পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কের পূর্ণ পুনর্নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মেটেরিয়াল ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সড়কটির সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের খাগদি এলাকায় গিয়ে চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় সড়কের কাজে ব্যবহৃত পাথরের মেটেরিয়ালসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মান যাচাই করেন সংসদ সদস্য।

পরিদর্শনকালে ব্যবহৃত পাথরের মেটেরিয়ালে অসঙ্গতি পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে মেটেরিয়াল পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করার পর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সরেজমিনে আরও অভিযোগ ওঠে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না করেই সড়কের সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নির্মাণসামগ্রীর মান যাচাই ও প্রকৌশলগত তদারকিতে অনিয়ম হয়ে থাকলে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কাজল খান বলেন, সরকারি অর্থে সড়ক নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। তাই কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা উচিত নয়। ব্যবহৃত মেটেরিয়াল যথাযথভাবে পরীক্ষা, নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং নির্মাণকাজে নিয়মিত প্রকৌশলগত তদারকি নিশ্চিত করতে হবে। একই সাথে অনিয়মের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ধুলা-ময়লা ও বালুর ওপর কার্পেটিংয়ের কাজ করা হয়েছে।

সংস্কারকাজে অনিয়মের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি অভি ইসলাম বলেন, “আমরা সুন্দরভাবেই কাজ করছি। আমাদের কাজের মান আগে থেকেই ভালো। ওটিবিএল সব সময় ভালো কাজ করে।”

এদিকে সড়কের সংস্কারকাজ ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে জানতে চাইলে মাদারীপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম অভিযোগগুলোর বিষয়ে সন্তোষজনক ও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৫ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে মাদারীপুর সদর থেকে মস্তফাপুর পর্যন্ত সড়কটির পূর্ণ পুনর্নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন ও সংস্কারকাজ বাস্তবায়ন করা হচ্ছে। টেন্ডার আইডি ১১৭৬২৯১-এর আওতায় কাজটি করছে অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল)।

চলতি বছরের মার্চ মাসে পূর্ণ নির্মাণকাজ শুরু হলেও এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে গর্ত, ফাটল ও দেবে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজে ব্যবহৃত প্রতিটি মেটেরিয়াল যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাজের প্রতিটি ধাপে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নিয়মিত তদারকি এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন।

পরিদর্শনকালে সড়ক বিভাগের প্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।