শরীয়তপুরের জাজিরায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর তাদের হাত-পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে এলাকায় ঘোরানো হয়। এ সময় গান বাজিয়ে তাদের নাচানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার আড়াচন্ডি এলাকার মোসলেম দারোগার ছেলে সাজ্জাদ দারোগা এবং একই এলাকার মুজিবুর দারোগার ছেলে অপু দারোগা।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। শনিবার দুপুরে স্থানীয় যুবকরা সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর উত্তেজিত জনতা ওই দুই যুবকের হাত-পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করায়। একপর্যায়ে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে তাদের নাচানোও হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় যুবক ফয়সাল কাজী বলেন, ‘আমাদের এলাকায় মাদক বিক্রি ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এলাকার যুবসমাজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছি। কোনো মাদক ব্যবসায়ীকে এখানে ছাড় দেওয়া হবে না। আজ এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে ইয়াবাসহ হাতেনাতে ধরে পুলিশের সোপর্দ করেছি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মেদ জানান, স্থানীয়দের সহায়তায় দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


