বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোর ইত্যাদি বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি।

তিনি বলেন, জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।

