...|...|...

জাতীয়

মর্নিং শোজ দ্য ডে: স্পিকার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩
Shares
মর্নিং শোজ দ্য ডে: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিগত সরকারের অবৈধ কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে সময় লাগবে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সাত মাস এই কাজের জন্য খুবই অল্প সময়, তবুও সংস্কারপর্ব ইতোমধ্যে শুরু হয়েছে। ‘মর্নিং শোজ দ্য ডে’ (সকালই দিবসের প্রতিচ্ছবি)। আইনকানুনে বড় ধরনের সংস্কার আনতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা চলছে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার বলেন, গত ১৭ বছরের দুঃশাসনের ফলে দেশের প্রতিটি স্তরে, প্রতিটি বিভাগে ধস নেমেছে। হত্যা, গুম-খুন, মানি লন্ডারিং ও দুর্নীতির অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছুটা জটিলতা দেখা যাচ্ছে স্বীকার করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংস্কার কীভাবে করা হবে, সে বিষয়ে এখনো পুরোপুরি একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে জনপ্রিয় প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং নির্বাচনে বিরোধী দলের আসনে যারা বসছে, তারা সমঝোতায় এলে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের বঞ্চনা ও দুঃশাসন থেকে জনগণ মুক্তি পাবে।

সরকার ও বিরোধী দল উভয়ই এই সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করে বলেন, সংসদের আগামী অধিবেশনে সরকার ও বিরোধী দল সংস্কার প্রস্তাবে একমত হলে কিছু কিছু সংস্কার বাস্তবায়ন সম্ভব। আইনগতভাবে সংবিধান সংশোধন সম্পন্ন হলে জনগণ কাঙ্ক্ষিত ফল দেখতে পাবে।

এর আগে সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্পিকার। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।