চাকরির মৌখিক পরীক্ষায় (ভাইভা) বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুসরণ করেই প্রার্থীদের মেধার মূল্যায়ন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চাকরি পাওয়া কিংবা শুধু পুঁথিগত জ্ঞান অর্জনই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। দেশ ও সমাজের জন্য অবদান রাখার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যাখ্যা ছড়ানোর বিষয়েও সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, একটি শ্রেণি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এর ফলে জনগণ ও সরকার উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার যেন না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


