...|...|...

জাতীয়

বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, চলবে যেসব রুটে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৩
Shares
বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, চলবে যেসব রুটে

ছবি: সংগৃহীত

ডিজেলের পরিবর্তে এবার বিদ্যুতে চলবে ট্রেন। এতে ট্রেনের গতি বাড়বে প্রায় ২০ শতাংশ। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে এই ইলেকট্রিক ট্রাকশন ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ২০৩১ সালে চালু হতে পারে।

প্রকল্পটিসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের পাশাপাশি প্রকল্প ঋণ হিসেবে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা।

অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যায়ের মেট্রোরেল এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট। এ ছাড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে চিকিৎসাসেবা ও ব্যাংক খাতের উন্নয়নও স্থান পেয়েছে। দেশের ১৭ হাজার ৭০০ এইচআইভি/এইডস আক্রান্ত রোগীসহ যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ এবং চিকিৎসায় ৪ হাজার ৩৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।

একই সাথে ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার আরও একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।