মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বেতন, ভিসা নবায়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে ২০২২ সালে নিয়োগপ্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫০টি অভিযোগ পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্যে ৩৩০টির বেশি অভিযোগের সমাধান করা সম্ভব হয়েছে ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার পেনাংয়ে রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্স (আরবিএ) আয়োজিত ‘ফ্রম কমিটমেন্ট টু অ্যাকশন: বেস্ট প্র্যাকটিসেস অব হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স অ্যাক্রস সাপ্লাই চেইন’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন।
পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি বিদেশে পাড়ি জমান। তবে বৈধভাবে কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়েও অনেক কর্মী নানা জটিলতায় পড়েন। নিয়োগ-সংক্রান্ত ঋণের বোঝা, বকেয়া বেতন, ভিসা ও অভিবাসন জটিলতা এবং দেশে ফেরত পাঠানোর পরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।
হাইকমিশন জানিয়েছে, নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সহযোগিতায় এসব অভিযোগের বড় একটি অংশের সমাধান করা হয়েছে।
আলোচনায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা অভিবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা ও তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, কর্মী, নিয়োগকর্তা, মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিযোগের সমাধান, ক্ষতিপূরণ ও প্রতিকার নিশ্চিত করতে কাজ করছে হাইকমিশন।
এ ছাড়া কর্মীদের কল্যাণমূলক সহায়তা দেওয়া এবং যারা দেশে ফিরতে বাধ্য হন, তাদের মর্যাদাপূর্ণভাবে ফেরত পাঠানোর ক্ষেত্রেও হাইকমিশন কাজ করছে ।


