নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে কর্মসূচি পালনের জন্য ২১টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময় ও স্থানের মধ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি করা যাবে না। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা, উসকানিমূলক বক্তব্য দেওয়া কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সংগঠনকে নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক-কর্মচারী কোনো বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান দাবি।
তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।


