...|...|...

লাইফস্টাইল

উচ্চ-আইকিউ সম্পন্ন মানুষের ৮ বৈশিষ্ট্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৩
Shares
উচ্চ-আইকিউ সম্পন্ন মানুষের ৮ বৈশিষ্ট্য

ছবি: এইআই জেনারেটেড

উচ্চ-আইকিউ সম্পন্ন মানুষ চেনা মোটেই সহজ কাজ নয়- কারণ তাদের পরিচয় পরীক্ষার নম্বর বা বইয়ের পাতায় লুকানো থাকে না। এটি ফুটে ওঠে মানুষের আচরণে, সিদ্ধান্তে আর সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গিতে। কেউ কীভাবে সম্পর্ক গড়েন, কীভাবে নিজের সীমারেখা টানেন, একা সময় কাটাতে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন, ভুল হলে তা মেনে নেওয়ার সাহস রাখেন কি না, কিংবা নতুন কিছু শেখার আগ্রহ কতটুকু- এসবই বলে দেয় তার বুদ্ধিবৃত্তিক পরিপক্বতার গল্প।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে উচ্চ আইকিউ-সম্পন্ন মানুষদের কিছু নির্দিষ্ট, অভিন্ন বৈশিষ্ট্য। চলুন দেখে নেওয়া যাক এমন আটটি লক্ষণ-

১. সহজে প্রেমের সম্পর্ক করতে পারেন না: গবেষণায় বলা হয়েছে- একজন পুরুষের আইকিউ যত বেশি, তার জন্য প্রেমিকা খুঁজে পাওয়া ততটাই কঠিন হয়ে দাঁড়াতে পারে। কারণ তারা সম্পর্কের ক্ষেত্রে শুধু বাইরের আকর্ষণকে না, মানসিক ও বুদ্ধিবৃত্তিক মিল খোঁজেন। যা সহজে মেলে না। 

২. গভীর সম্পর্ক ও কথাবার্তা পছন্দ করেন: হালকা আড্ডা কিংবা ভাসাভাসা সম্পর্ক তাদের টানে না। তারা এমন মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করেন, যাদের সাথে চিন্তা, অনুভূতি ও বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা করা যায়।

৩. প্রয়োজন হলে ‘না’ বলতে পারেন: সবাইকে খুশি করার চেষ্টা করেন না তারা। প্রয়োজনে ‘না’ বলতে তারা দ্বিধা করেন না। অন্য কেউ এতে অসন্তুষ্ট হলেও নিজের সিদ্ধান্ত থেকে সহজে সরে আসেন না।

৪. সবার মনোযোগ পাওয়ার চেষ্টা করেন না: সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে বা লাইমলাইটে থাকার আগ্রহ তাদের থাকে না। বাইরে থেকে এটা উদাসীনতা মনে হলেও, আসলে এটি নিজের সময় আর শক্তিকে যত্নে রাখার একটি সচেতন কৌশল। নিজের সময় ও মানসিক শান্তিকে তারা বেশি গুরুত্ব দেন।

৫. কাউকে অন্ধভাবে অনুসরণ করেন না: প্রতিভার প্রশংসা করলেও তারা কাউকে অন্ধভাবে আদর্শ মনে করেন না। তারকা বা জনপ্রিয় ব্যক্তির প্রতিভাকে সম্মান করলেও কাজ, যোগ্যতা ও আচরণের ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করেন।

৬. একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন: সবসময় অন্যের সঙ্গ বা বিনোদনের প্রয়োজন হয় না। একা থাকার সময়কে তারা নিজের চিন্তাভাবনা, পড়াশোনা, পরিকল্পনা কিংবা নতুন কিছু শেখার কাজে ব্যবহার করতে পারেন।

৭. ‘জানি না’ বলতে দ্বিধা করেন না: সব প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়—এ বিষয়টি তারা সহজেই মেনে নেন। কোনো কিছু না জানলে তা স্বীকার করতে তাদের দ্বিধা থাকে না। বরং না জানার বিষয়টি থেকে শেখার চেষ্টা করেন।

৮. নতুন কিছু শিখতে আগ্রহী: নতুন তথ্য বা প্রমাণ সামনে এলে নিজের পুরোনো ধারণা পরিবর্তন করতে তারা দ্বিধা করেন না। ভুল প্রমাণিত হওয়াকে তারা অপমান হিসেবে দেখেন না। বরং সত্যের কাছাকাছি পৌঁছানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

সত্যিকারের বুদ্ধিমত্তা মানে সবকিছুর উত্তর জানা নয়- বরং নিজের সীমা বোঝা, সম্পর্কে গভীরতা খোঁজা, প্রয়োজনে ‘না’ বলতে পারা, একা থাকতে জানা, আর নতুন তথ্যের আলোয় নিজের চিন্তাকে বদলে নেওয়ার সাহস রাখাই আসল পরিচয়।