...|...|...

শিক্ষা

বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল, ৪৭তম বিসিএস থেকেই কার্যকর: প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
আপডেট: ৪ দিন আগে
বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল, ৪৭তম বিসিএস থেকেই কার্যকর: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক বা ভাইভা পরীক্ষায় ১০০ নম্বরই বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপন (এসআরও নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এই বিধান কার্যকর করা হয়েছে।

তিনি আরও জানান, বিধিমালার বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী এই পরিবর্তন আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মো. আব্দুল বারী আরও বলেন, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষায়ও ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এটি ২০২৫ সালের ২৭ মে সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধানের আওতায় সম্পন্ন হয়।

তিনি জানান, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায়ও একইভাবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা বহাল থাকবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল এবং বৈষম্যহীন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।