...|...|...

খেলা

বিশ্বকাপ ফাইনালে হারের ৭ দিন পর আর্জেন্টাইন কোচের খোলাচিঠি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, দুপুর ২:৩৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, রাত ১২:৫৬
Shares
বিশ্বকাপ ফাইনালে হারের ৭ দিন পর আর্জেন্টাইন কোচের খোলাচিঠি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের এক সপ্তাহ পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি চিঠি প্রকাশ করেছেন। স্পেনের কাছে আর্জেন্টিনার ১–০ গোলের হারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই পথ বেছে নিয়েছেন তিনি।

 খোলাচিঠির শুরুতে স্কালোনি লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সাথে আনন্দ, কান্নার সাথে হাসি, উৎকণ্ঠার সাথে স্বস্তি, আর স্নায়ুচাপের সাথে শান্তি—সবকিছুই একসাথে জড়িয়ে ছিল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’

 পোস্টে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশার কথা তুলে ধরেন স্কালোনি, ‘সবার আগে শুধু এটুকুই বলতে চাই—দুঃখিত। আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। তবে আমি চাই, আপনারা আমাদের এই দলকে মনে রাখুন। এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের। আমি আমার স্ত্রীকে তাদের কথা বলতে গিয়ে সব সময় এ নামেই ডাকতাম।’

 চিঠির সবচেয়ে আবেগঘন অংশগুলোর একটি ছিল তাঁদের উদ্দেশে, যারা টুর্নামেন্টজুড়ে দলটিকে সমালোচনা করেছেন। স্কালোনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি।’

 এরপর দলের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি আরও যোগ করেন, ‘আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

 স্কালোনি চিঠি শেষ করার পর জুড়ে দিয়েছেনে আরও একটি বাক্য, যেখানে তিনি লিখেছেন, ‘পুনশ্চ: যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে।’