...|...|...

সারাদেশ

বিজিবির কঠোর অবস্থানে মুখ থুবড়ে পড়ল বিএসএফের পুশইনচেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ভোর রাত ৪:০৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, রাত ১০:৪৪
Shares
বিজিবির কঠোর অবস্থানে মুখ থুবড়ে পড়ল বিএসএফের পুশইনচেষ্টা

বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ কর্তৃক ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পরে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা নদীপথে নৌকাযোগে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে পুশইনের প্রচেষ্টা সফল হয়নি। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর নজরদারির কারণে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।