জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী গত দুই বছরের চাঁদাবাজি নিয়ে বলেছেন, শুধু বিএনপিনামার আর্কাইভেই বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে প্রকাশিত ৪৬৩টি সংবাদ নথিভুক্ত হয়েছে। একটা দুইটা না, ৪৬৩টি। দেশের বিভিন্ন জায়গা থেকে এসব অভিযোগ এসেছে।
শুক্রবার (১৪ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।
বিকেল ৫টার দিকে করা ওই পোস্টে পাটওয়ারী লেখেন, ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম চাঁদাবাজির পুরোনো রাজনীতিটা অন্তত বদলাবে। কিন্তু গত দুই বছরের খবরগুলো একসাথে করলে অন্য একটা ছবি সামনে আসে।
শুধু বিএনপিনামার আর্কাইভেই বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে প্রকাশিত ৪৬৩টি সংবাদ নথিভুক্ত হয়েছে। একটা দুইটা না, ৪৬৩টি। দেশের বিভিন্ন জায়গা থেকে এসব অভিযোগ এসেছে।
ঢাকার পরিবহন খাতের অবস্থাও ভয়াবহ। সরকারি গোয়েন্দা তদন্তে ৫৬টি টার্মিনাল ও স্ট্যান্ডের মধ্যে ৫৩টিতেই চাঁদাবাজির তথ্য পাওয়া গেছে। প্রতিদিন প্রায় ২ কোটি ২১ লাখ টাকা চাঁদা ওঠার হিসাব এসেছে।
এছাড়া তিনি লেখেন, পুলিশের আরেকটি গোয়েন্দা প্রতিবেদনে ঢাকায় প্রায় ১,২০০ চাঁদাবাজ শনাক্ত করা হয়। যাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা গেছে এমন ১৯৭ জনের মধ্যে ১৮১ জনই বিএনপি-সংশ্লিষ্ট।

চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় পাওয়া ২৭১ জন পৃষ্ঠপোষকের মধ্যেও ২১৪ জন বিএনপি-সংশ্লিষ্ট।
এনসিপির এই নেতা আরও লেখেন, অভিযোগ শুধু বাসস্ট্যান্ড আর ফুটপাতে থেমে নেই। দোকান, বাজার, গার্মেন্টস, নির্মাণকাজ, মাছের ঘাট, হাসপাতাল থেকে শুরু করে সাধারণ ছোট ব্যবসায়ী পর্যন্ত এর শিকার হওয়ার অভিযোগ করেছেন। কোথাও ১ লাখ, কোথাও ৫ লাখ, কোথাও ১০ লাখ, আবার কোথাও ২০ লাখ টাকা চাঁদা দাবির খবর এসেছে।
৫ আগস্টের পর মানুষ শুধু ক্ষমতার হাতবদল চায়নি। মানুষ চেয়েছিল রাজনীতির পুরোনো সংস্কৃতিটাও বদলাক।
এছাড়া ‘চাঁদাবাজের পরিচয় বদলানো পরিবর্তন না, চাঁদাবাজিটা বন্ধ হওয়াই পরিবর্তন’ বলে পোস্টে উল্লেখ করেন তিনি।


