মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপগুলো দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। পরে বন বিভাগ ও পরিবেশকর্মীদের সহায়তায় সাপগুলো নিরাপদে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ২ নম্বর পানিশালা এলাকার কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানি বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে। বাড়িটি জাপান প্রবাসী মুজাহিদ আলীর।
পরিবারের সদস্যরা সিঁড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে তারা সিঁড়ির নিচ থেকে একে একে মোট পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, মনোক্লেড কোবরা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। বাসাবাড়িতে এর উপস্থিতি মারাত্মক ঝুঁকিপূর্ণ।
উদ্ধার করা সাপের বাচ্চাগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।


