...|...|...

চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২৩
Shares
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু। ছবি: সংগৃহীত

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ দুজন হলেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

ট্রলার ডুবে যাওয়ার পর স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে স্থানীয় জেলেরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।