কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে উপসহকারী প্রকৌশলী মাহমুদুলকে মারধরের অভিযোগ উঠেছে সিবিএ নেতৃবৃন্দের বিরুদ্ধে। এ ঘটনায় মাহমুদুলের চোখের ওপরে ও হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীদের সংগঠন সিবিএর সভাপতি শোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে কয়েকজন মাহমুদুলের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় সিবিএ নেতৃবৃন্দ চেয়ার দিয়ে মাহমুদুলকে আঘাত করেন। এতে তার চোখের ওপরে কেটে যায় এবং হাতেও আঘাত লাগে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
এদিকে, চাঁদা দাবির অভিযোগের সত্যতা এবং প্রকৌশলীকে মারধরের প্রকৃত কারণ কী- তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


