দেশের তরুণ প্রজন্মের মধ্যে রোবটিক্স, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এবারের জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস টুডের সম্পাদক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী পরিচালক মাসুম খান, রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়, অ্যাম্বাসেডর ম্যাগাজিনের সাব-এডিটর ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার লীনা, বন্ধি পাঠশালার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং গিয়ারঅনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, বিএসআরএম স্টিলস লিমিটেডের হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং এসিএস ফিউচার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাইরোজ খালেদ অহি।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, বর্তমান বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি। বিশ্বের শীর্ষ ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বড় একটি অংশ প্রযুক্তিভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত।
তিনি বলেন, গুগল, ইউটিউব, এক্স কিংবা ফেসবুকের মতো প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম শুধু অর্থনৈতিকভাবে সফল হয়নি, বরং এগুলো বিশ্বব্যাপী জনমত, মানুষের চিন্তাভাবনা ও যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাপক প্রভাব ফেলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চিকিৎসা ও সার্জারির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও রোবটিক্সের ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে প্রযুক্তি ও রোবটিক্স খাত ভবিষ্যতের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
তিনি আরও বলেন, আজ যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তারাই আগামীতে দেশকে এগিয়ে নেবে এবং এই খাতে নেতৃত্ব দেবে।
শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতির কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে অনেক মায়ের উপস্থিতি সন্তানের ভবিষ্যৎ গড়তে বাবা-মায়ের ত্যাগ ও পরিশ্রমের বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মাসুম খান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। একই সঙ্গে তাদের পাশে দাঁড়ানো এবং সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়াও জরুরি।
তিনি বলেন, তরুণরা যেন নিজেদের পছন্দের ক্যারিয়ারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে, সে ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় অভিভাবকদের চ্যালেঞ্জ অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, সন্তানদের সফল করা এবং শেষ পর্যন্ত ক্যারিয়ারে টিকিয়ে রাখতে তাদের উৎসাহ দেওয়া ও পাশে থাকা প্রয়োজন।
জাতীয় পর্যায়ে নির্বাচিত ও যোগ্য বিজয়ীরা ‘ফিবোনাচ্চি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আগামী নভেম্বরে ইতালির রাজধানী রোমে এই আন্তর্জাতিক ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ফিবোনাচ্চি ইন্টারন্যাশনালের এই রোবট অলিম্পিয়াড ২৮টির বেশি দেশের অংশগ্রহণে গড়ে ওঠা একটি বৈশ্বিক রোবটিকস প্ল্যাটফর্ম, যার বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় ইতালির রোমে। আয়োজকদের তথ্যমতে, প্রতিষ্ঠানটির অফিসিয়াল অংশীদার তালিকায় রয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি হবে।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল টাইমস টুডে।

