চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে হত্যা করে লাশ গুমের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আসামিরা চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন-ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার আবু ছালেক (৪৫), দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মো. হোসাইন চৌধুরী (৪২), দক্ষিণ পাইন্দং এলাকার মো. সানাউল করিম (৪০) এবং লেলাং এলাকার আবু তাহের মুহুরী (৪৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা মো. মাসুদ অর রশিদ চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় চার আসামিসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ৩০ জন ব্যক্তি দা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা মাসুদ ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার বোন সায়রা আক্তারকেও চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয়।
একপর্যায়ে পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে বাড়ির গেটের দেয়াল, তালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, হামলাকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সপরিবারে হত্যা, লাশ গুম এবং বসতবাড়ি দখলের হুমকি দেওয়া হয়।
ঘটনার পরও অভিযুক্তরা বাড়ির সামনে এসে হুমকি অব্যাহত রাখায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ৯ সেপ্টেম্বর ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

